সম্প্রতি রিয়াদে স্প্যানিশ সাংবাদিক এদু আগিরেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ক্রিস্তিয়ানো রোনালদো নিজের ক্যারিয়ার, মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা এবং মাঠে খেলা চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা নিয়ে কথা বলেছেন।

আপনি পাঁচটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা ও পাঁচটি ব্যালন ডি অর জিতেছেন, 900-র বেশি গোল করেছেন, এত অর্জনের পরও কেন খেলা চালিয়ে যাচ্ছেন?
আমার ইতিহাস অনেক আগেই লেখা হয়ে গেছে, তাই ইতিহাস গড়ার জন্য আমি খেলা চালিয়ে যাচ্ছি না। সত্যি বলতে, আজই যদি ক্যারিয়ার শেষ করি, তবুও আমার কোনো আফসোস থাকবে না।
তবে আমার মনে হয় এখন অবসর নেওয়াটা দুঃখজনক হবে, কারণ আমার ফর্ম এখনো খুব ভালো, ম্যাচে এখনো অবদান রাখতে পারি। ঠিক এই কারণেই আমি থামতে চাই না। আমি ভাবি, যেহেতু এখনো ম্যাচের গতিপথ বদলে দিতে পারি, তাহলে আরও এক বছর, দুই বছর কেন খেলব না?
তাহলে আপনি এখন বর্তমানের ওপর বেশি মনোযোগ দিচ্ছেন?
হ্যাঁ, এখন আমি বর্তমানে বাঁচার দিকেই বেশি মনোযোগ দিই। আগের মতো দীর্ঘমেয়াদি ভাবনা আর ভাবতে পারি না, কারণ আমার হাতে আর ততটা সময় নেই। এখন আমি সপ্তাহ ধরে ধরে সামনে তাকাই, শান্তভাবে পরিকল্পনা করি, প্রতিটি ম্যাচ ও প্রতিটি অনুশীলনের জন্য ভালোভাবে প্রস্তুত হই, আর একই সঙ্গে ফুটবল উপভোগ করে যাই।
মেসির সঙ্গে বহু বছরের প্রতিদ্বন্দ্বিতাকে আপনি কীভাবে দেখেন?
আমার মনে হয় এটি খুবই ইতিবাচক একটি প্রতিদ্বন্দ্বিতা। আমরা একে অপরকে অনুপ্রাণিত করেছি, একে অপরকে ক্রমাগত উন্নতির দিকে ঠেলে দিয়েছি। এই প্রতিদ্বন্দ্বিতার কারণেই আমরা দুজন দীর্ঘ সময় ধরে উঁচু মানে থাকতে পেরেছি।
এই প্রতিদ্বন্দ্বিতাকে আপনি কিসের সঙ্গে তুলনা করবেন?
আমি এটিকে আয়ারটন সেনা ও অ্যালাঁ প্রোস্তের প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে তুলনা করব। ট্র্যাকে তাঁরা প্রতিপক্ষ ছিলেন, কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতা দুজনকেই আরও শক্তিশালী করে তুলেছিল। আমার আর মেসির সম্পর্কেও এর সঙ্গে মিল আছে।
আপনারা কি একে অপরকে অনুপ্রাণিত করেন?
হ্যাঁ, আমরা সত্যিই একে অপরকে অনুপ্রাণিত করি। তাঁকে ক্রমাগত উন্নতি করতে দেখলে আমিও আরও ভালো করতে চাই; হয়তো তাঁরও একই অনুভূতি হয়। আমরা বন্ধুর মতো রোজকার মেলামেশার সম্পর্কে নেই, তবে আমাদের মধ্যে সবসময় পারস্পরিক সম্মান ছিল।
মানুষ আপনার বর্তমান ফর্মকে গুরুত্ব দিচ্ছে না, আপনার করা গোলগুলোকেও গুরুত্ব দিচ্ছে না। তারা বেশি আগ্রহী 1000 গোলে পৌঁছাতে আর কত বাকি সেটা নিয়ে
হয়তো এর কারণ তারা আমাকে ভক্তি করে, ভালোবাসে, কিন্তু এই কথাটা আমার পছন্দ নয়। মানুষ সবসময় আমার আর কত গোল বাকি সেদিকে নজর দেবে, এটা আমার ভালো লাগে না।
আমি 920, 925 বা 930 গোল করলেও ইতিহাসের সেরা আমিই, এতে কোনো সন্দেহ নেই। সংখ্যাই সব বলে দেয়। তাই আমি এখানে বলব না যে আমাকে অবশ্যই 1000 গোল করতে হবে।
আপনি যদি সত্যিই এই লক্ষ্যে পৌঁছান, সেটা হবে দারুণ ব্যাপার। এটা একটা লক্ষ্য, আপনার কি মনে হয় আপনি পারবেন?
সত্যি বলতে, জানি না। ঠিক আছে। তবে যেমনটা বলেছি, আমি অত দূরের কথা ভাবি না। সত্যি বলছি, আমার সন্তানদের নামে শপথ করে বলছি, অত দূরের কথা আমি ভাবিনি। আমি শুধু বর্তমানে মনোযোগ দিই, এখনকার দিকে মনোযোগ দিই। কাল কী হবে জানি না। হয়তো কোনো এক সকালে ঘুম থেকে উঠে দেখব অনুপ্রেরণা হারিয়ে ফেলেছি, আর খেলতে ইচ্ছে করছে না। কে জানে?